Search This Blog

Wednesday, 30 August 2017

editorial

ঢাকের বাজনা , কাশ ফুল , নীল আকাশে টুকরো টুকরো সাদা মেঘ ,পূজা প্যান্ডেল , এইসব কিছুর অনুষঙ্গে আসে আশ্বিন মাসের নাম। আশ্বিন মাস এলেই বাতাসে একটা পূজা পূজা ভাব চলে আসে।ভাদ্র আশ্বিন এই দুইমাস নিয়ে শরৎকাল হলেও ভাদ্রে থাকে বর্ষার আমেজ , আশ্বিনেই শরতের আসল রূপ ফুটে ওঠে বাঙালির কাছে শুধু পুজো মানেই দুর্গাপুজো। যাদের সাথে পুজোর কোনো সম্পর্ক নেই তাদের কাছেও আশ্বিন মাস মানে পুজোর মাস,এর সাথেই জড়িয়ে আছে নতুন জামাকাপড় আর বাইরে ঘুরতে যাওয়া। এই দুর্গাপূজা আসলে অকালবোধন ,যা ক্রমশ শারদ-উৎসব নামেই আমাদের নাড়ির সাথে মিশে গেছে।দুর্গাপূজা বা দুর্গোৎসবের প্রকৃত তত্ত্ব কী , পূজা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে-“যা করলে জীবনে উন্নয়নের পথ প্রশস্ত হয়”। পূজা শব্দটি এসেছে পূজ ধাতু থেকে। এই পূজ ধাতুর অর্থ হচ্ছে ‘বর্ধনশীলতা। উৎসব শব্দটির অর্থ হচ্ছে ‘উৎস অভিমুখে গমন’ অতএব পূজা বা উৎসব শব্দটি একই অর্থ বহন করে। এই দুর্গাপূজা বা দুর্গোৎসবের মধ্যে দুটি তত্ত্ব নিহিত আছে। একটি জাগতিক বা সাংসারিক এবং অন্যটি আধ্যাত্মিক। এ পূজার জাগতিক অর্থ হল বাস্তব জীবনের উন্নয়ন। দুর্গাপূজা করা মানে হচ্ছে দুর্গা হওয়া। দুর্গার দশটি হাতের অর্থ হল দশদিকের কর্মযোগ্যতা বা দক্ষতা।দুর্গার দশটি হাতের মধ্যে একটি আশির্বাদের অভয় হস্ত এবং বাকী নয়টিই হচ্ছে প্রহরণ যন্ত্র। এই নয়টি প্রহরণ যন্ত্র দিয়ে মহা শক্তি জগতের অমঙ্গলকে ধ্বংস করবে। তাই প্রতিটি মা যদি জীবন্ত দুর্গা না হয়ে ওঠে তবে এ পূজার সার্থকতা কোথায়? মাটি দিয়ে গড়া এ প্রাণহীন প্রতিমাকে তাই পুরোহিত মন্ত্রপুত করে প্রাণ প্রতিষ্ঠা করে, চক্ষুদান করেন। তেমনি প্রতিটি নারীর মাঝে ইষ্টমন্ত্র বা দীক্ষাদান পূর্বক নূতন করে প্রাণ প্রতিষ্ঠা ও জ্ঞান চক্ষুদান করে জগতের দুর্গতি নাশে যত্নবান হলেই আমাদের এ দুর্গাপূজা সার্থক হবে। সংসার যখন দুর্গা-মণ্ডপে পরিণত হবে তখনই হবে এ পূজার সার্থকতা
  শান্তি, সংহতি ও সম্প্রীতি প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন আর শিষ্টের পালনে বিশ্বব্যাপী মঙ্গল ধ্বনির সুরে সুরে দেবীর পৃথিবীতে আগমন ঘটে আসুরিক অপশক্তির বিনাশ আর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি লাভের জন্য আসুন নিজের মনের অসুরকে দমন করি এবং এক শুভ দূর্গেয় শক্তির উত্থান ঘটাই আমাদের ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক ও নৈতিক জীবনধারায়।                                               যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা
                                      নমস্তস্যৈ  নমস্তস্যৈ  নমস্তস্যৈ নমো নমঃ। 

No comments: